
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সাগর হোসেন ওরফে রাডার (২৪)। তিনি মধ্য তল্লা এলাকার জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সাগর হোসেনের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ১ গ্রাম।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।