
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের বসতভিটা পানিতে তলিয়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
এ কারণে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে এবং থেমে থেমে দমকা হাওয়া বইছে।
রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ একাধিক এলাকার ঘরবাড়ি ও মাছের ঘের প্লাবিত হয়েছে।
বি
শেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও, ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বছরের পর বছর ধরে মানুষ ও সম্পদ রয়েছে চরম ঝুঁকিতে।