
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীতে যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। গত ৪ জুন (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সন্দেহভাজন ওই যাত্রীবাহী বাসটি থেকে আনুমানিক ৩৮ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪ হাজার কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত এই বিশাল পরিমাণ মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এমন কাজ আর না করার শর্তে বাসচালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।