
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে কিন্ডার গার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

রবিবার (৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে “কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ, পটুয়াখালী” এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের শত শত শিশু শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন—কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল, রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিঃ মো. রাসেল হোসেন, ছোট বিঘাই প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসানুল কবির, প্রভাতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আছিয়া বেগম, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফা আক্তার, রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, আদর্শ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, এবং কলাপাড়া রাইজিং সান প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাসুদ।
বক্তারা বলেন, ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর থেকে দেশের সরকারি, বেসরকারি, এনজিও ও কিন্ডার গার্টেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে আসছিল। পরবর্তীতে ২০২২ সালে সমাপনী পরীক্ষা স্থগিত হলেও বৃত্তি পরীক্ষা চালু থাকে এবং সেখানে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে।
কিন্তু ২০২৫ সালের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী, এবার শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে—এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।