
পটুয়াখালীর দুমকিতে সরকারি চিকিৎসক ডা. জি.এম. এনামুল হকের বিরুদ্ধে রোগীর স্বজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০২১, তারিখ: ২৪/৭/২৫) করেছেন ভুক্তভোগী।অভিযোগ সূত্রে জানা যায়, ডা. এনামুল হক দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত এবং হাসপাতাল রোডে অবস্থিত ‘নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস’ নামে একটি বেসরকারি ক্লিনিকের পরিচালক। সখিনা বেগম নামে এক নারী অভিযোগ করেন, তিনি তার ৬ বছরের অসুস্থ নাতনিকে ডা. এনামুলের ক্লিনিকে টেস্ট করান। কিন্তু ভুল রিপোর্ট দেওয়ায় পরবর্তীতে বরিশালের জাহানারা ক্লিনিকে পুনঃপরীক্ষা করে প্রকৃত রিপোর্ট নিশ্চিত হন। এ নিয়ে তিনি পটুয়াখালী সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করলে, ডা. এনামুল ক্ষিপ্ত হয়ে তাকে মোবাইলে হুমকি দেন। সেই হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ডা. এনামুলকে বলতে শোনা যায়, “এই অভিযোগে কিছুই হবে না। আমার শ্বশুর ড্যাব নেতা, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জন সবাই আমার পরিচিত। অভিযোগ তুলে না নিলে তোদের দেখে নেব।”এছাড়া, ডা. এনামুলের বিরুদ্ধে সরকারি হাসপাতালের পাশে ব্যক্তিগত ক্লিনিক পরিচালনা, রোগীদের সেখানে জোর করে পাঠানো, অন্য ক্লিনিকের রিপোর্ট অগ্রাহ্য করা, এবং রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে ডা. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বরং নিউজ প্রকাশ না করার জন্য রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন এবং বিভিন্ন নেতার নাম ব্যবহার করেন।