
পটুয়াখালীতে জমি দখলে বাধা দেওয়াকে কেন্দ্র করে কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ তালুকদারের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন এক শিক্ষক দম্পতি ও তার প্রতিবন্ধী ভাতিজা। এ ঘটনায় তিনজন আহত হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শামসুল ইসলাম (শামসুল হক তালুকদার, ৫৫), তার স্ত্রী মিরজাহান (৩৬) এবং ভাতিজা শফিকুল ইসলাম (১৪) হামলার শিকার হন।
ভুক্তভোগী শিক্ষক শামসুল ইসলাম জানান, তাদের মালিকানাধীন জমিতে স্থাপিত সাইনবোর্ড ভেঙে নতুন সাইনবোর্ড বসাতে আসেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি শহীদ তালুকদার, ইব্রাহিম (২৮), আবু বক্কর (২৬), মোতালেব হাওলাদার (৫৮) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫০)। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিক্ষক দম্পতি ও কিশোরকে বেধড়ক মারধর করে।
আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে কালিকাপুর ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি শহীদ তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন ব্যস্ত পাওয়া যায়। অন্য অভিযুক্তদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।