
সম্প্রতি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার সৃষ্টি হয়।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান খোকনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়। এতে তাকে ‘চাঁদাবাজ’ হিসেবে উপস্থাপন করা হয়।
বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে সুবর্ণচরের চরবাটা খাসেরহাট বাজারের তালতলী মোড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আব্দুর রহমান খোকন।
তিনি বলেন, “ঘটনার কোন কিছুতেই আমি জড়িত ছিলাম না। এলাকায় সালিশ হয়েছে ঠিকই, কিন্তু আমার নাম সেখানে আসেনি। এমনকি যিনি অভিযুক্ত, সেই হেলাল উদ্দিনও তার সংবাদ সম্মেলনে আমার নাম বলেননি। কোর্টে করা মামলায় আমাকে কেবল সাক্ষী করা হয়েছে। অথচ কিছু মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে আমাকে এবং আমার রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, “এলাকার কিছু লোক বলেছে, চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে হেলালকে ফাঁসানো হয়েছে। অথচ এসব ঘটনাতে আমার কোনও সম্পৃক্ততা নেই। অথচ সংবাদে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এসব মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই।”
সংবাদ সম্মেলনের পর, ওই স্থানেই আব্দুর রহমান খোকনের প্রতি সহমত পোষণ করে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী ও সচেতন নাগরিকরা। তারা বলেন, সংবাদমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে এবং সত্য যাচাই না করে কোনো তথ্য প্রচার করা উচিত নয়।