
“আমিই প্রথম এ আসন থেকে এমপি নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে আমি কেমন”— পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, “মনোনয়ন ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সঙ্গেই থাকবো। কিন্তু এখন কেন বলছেন— এ মনোনয়ন মানি না? দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দিন।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঐতিহ্যবাহী বাউফল পাবলিক মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাউফলে জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “এখানে জামায়াত বড় ঘাঁটি করেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?”—এ কথা শুনে উপস্থিত জনতা উচ্চস্বরে বলেন, “লাগে!”
দোয়া-মিলাদে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শহিদুল আলম তালুকদার বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। মানুষের অধিকারের জন্য তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, জুলুম-নির্যাতন সহ্য করেছেন। আজ তিনি জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে, তাই আপনারা সবাই তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করবেন।”
দোয়া–মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।
এসময় উপস্থিত ছিলেন— সাবেক এমপির সহধর্মিণী সালমা আলম লিলি, তাঁর ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজি মো. গিয়াস উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ আরও অনেকে।