
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন জুলেখা বেগম (৪৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী মো. বশার দফাদার (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী কেয়া মনিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের গন্ডাদুলা গ্রামে। পুলিশ জানায়, বুধবার রাতে নিহতের বাবা আতাহার হাওলাদার বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার সকালে আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে বশারের সঙ্গে জুলেখার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। কিন্তু এক বছর আগে গোপনে ১৯ বছর বয়সী কেয়া মনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন বশার। এরপর থেকেই শুরু হয় নির্যাতন ও দাম্পত্য অশান্তি।
বুধবার সকালে ধান ঘর থেকে নেওয়াকে কেন্দ্র করে বশার ও কেয়া মনির সঙ্গে জুলেখার ঝগড়া হয়। ক্ষোভে-অভিমানে তিনি নিজ ঘরে গিয়ে গ্যাস ট্যাবলেট খান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কোড়ালিয়া স্পিডবোট ঘাটে তার মৃত্যু হয়।
জুলেখার মৃত্যুতে এলাকাজুড়ে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের পরিবার জানায়, দ্বিতীয় বিয়ের পর থেকেই জুলেখা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। চলতি বছরের ১৫ জানুয়ারি জুলেখা নিজেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বশার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৩৭/২০২৫) দায়ের করেছিলেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, “আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।”