
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়াই করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সোমবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে তিনি এ ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, উমামার স্বতন্ত্র প্যানেলে ভিপি পদে থাকছেন তিনি নিজে। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা বলেন,
“আমরা যোগ্যতা যাচাই করে আগামী মঙ্গলবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব। শিক্ষার্থীবান্ধব ও সবার প্রতিনিধিত্বমূলক একটি ডাকসু প্যানেল উপহার দেব।”
এদিকে সোমবার বিকেলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে শুধু সোমবারই ৪৪২ জন ফরম সংগ্রহ করেন, আর আগের আট দিনে ১২৩ জন প্রার্থী ফরম নিয়েছেন।