
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য ‘Smart Election Management BD’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটকেন্দ্রের জিও-লোকেশন, ছবি, দূরত্ব এবং ম্যাপসহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে।
এছাড়া অ্যাপটিতে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন-সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারীকে জন্মতারিখ এবং এনআইডি নম্বর দিতে হবে। এরপর ভোটার তার ভোটার আইডি নম্বর, নির্ধারিত ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। একই সঙ্গে প্রার্থীদের প্রতীক সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।
নির্বাচন কমিশন মনে করছে, এই অ্যাপ চালুর ফলে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ আরও বাড়বে।