
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৪ কোটি ৫৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বিজিবির বিভিন্ন বিওপি ও বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।
সিলেট ব্যাটালিয়নের সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা লাফার্জ এবং ডিবির হাওর বিওপি থেকে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়।
অন্যদিকে, ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেটসহ চোরাচালান কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ, ডাম্পার ও একটি টাটা ট্রাক আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত রাতে পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৪ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৫৩০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে।”
আটককৃত সকল মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।